
আকাশে তখন মেঘের ওড়াউড়ি, আর চায়ের দোকানের কেটলির ভাপ চারপাশটা কেমন যেন রহস্যময় করে তুলেছে। বাস্তব কদম আলী একটা বিস্কুট চায়ের কাপে ডুবিয়ে দিতেই মহাকাশযান থেকে নেমে আসা এলিয়েন কদম আলী খিকখিক করে হেসে উঠল। তার কপাল দুটো অ্যান্টেনা একটু কেঁপে উঠল।
এলিয়েন তার অদ্ভুত ভাষায় কৌতুহলী সুর তুলল, "আচ্ছা কদম আলী ভাই, একটা গূঢ় রহস্য বলো তো দেখি! তোমাদের এই পৃথিবীর মানুষগুলো সব ছেড়েছুড়ে হঠাৎ পরকীয়ায় যায় কেন?"
বাস্তব কদম আলী চায়ে মজে থাকা বিস্কুট মুখে দিয়ে নির্বিকার গলায় বললেন, "খুব সহজ উত্তর মিয়া! নিজের বউ ভালো লাগে না বলে।"
এলিয়েন কদম আলী চোখ গোল গোল করে অ্যান্টেনা সোজা করে জিজ্ঞেস করল, "বাপরে! বলো কী! তা নিজের বউ কেন ভালো লাগে না, সেটার আসল কারণটা জানো কি?"
বাস্তব কদম আলী আর এক কাপ চায়ে চুমুক দিতে গিয়ে হঠাৎ থেমে গেলেন। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি বিরক্তি প্রকাশ করে খাতা-কলম দূরে সরিয়ে রেখে হাত নাড়তে নাড়তে বললেন, "আরে রাখো তোমার পরকীয়া! আমি আছি সারা দিন ভ্যাট আইনের ধারা-উপধারা, রিটার্ন আর এনবিআরের নোটিশ নিয়ে পেরেশান, আর তুমি শুরু করলা প্রেম-ভালোবাসা আর পরকীয়ার ফালতু প্যাঁচাল!"
এলিয়েন কদম আলী তখন দুষ্টু একটা হাসি দিয়ে টেবিলের ওপর ঝুঁকে বসল। তার চোখে এক অদ্ভুত কারিগরি বুদ্ধি চকচক করে উঠল। সে ফিক করে হেসে বলল, "আরে মেজাজ গরম করো কেন ভাই কদম আলী! এই পরকীয়ার লজিক দিয়েই আজ তোমাকে আমি সোজা ভ্যাট আইন শিখিয়ে দেবো। বসো তো একটু আরাম করে!"
বাস্তব কদম আলী ভ্রু কুঁচকে অবাক হয়ে বললেন, "বউ ভালো না লাগার সাথে ভ্যাট আইনের কী সম্পর্ক? মাথা কি একেবারে নষ্ট হয়ে গেছে তোমার?"
এলিয়েন কদম আলী তখন আঙুল উঁচিয়ে বোঝাতে শুরু করল, "আরে শোনো মিয়া, মন দিয়ে শোনো! নিজের বউয়ের সাথে সংসার করতে গেলে প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম মানতে হয়, সকালের নাশতা থেকে রাতের হিসাব—সব একঘেয়ে কমপ্লায়ান্স। এখানে কোনো ফাঁকফোকর বা এক্সকিউজ চলে না। ঠিক যেমন তোমাদের দেশের ভ্যাট আইনের নিয়মের বেড়াজাল—একটানা একই নিয়ম মানতে মানতে ব্যবসায়ীদের হাঁপ ধরে যায়, দমবন্ধ লাগে!"
বাস্তব কদম আলী একটু নড়েচড়ে বসে কৌতূহলী চোখে তাকিয়ে বললেন, "বলো কী! এর সাথে ভ্যাটের কী মিল পেলে?"
এলিয়েন কদম আলী আরও উৎসাহ নিয়ে বলল, "মিল আছে বলেই তো বলছি! নিজের বউয়ের ক্ষেত্রে যেমন কোনো ছাড়ের সুযোগ নাই, সব আইন কড়াকড়ি, তেমনি ভ্যাট আইনেও রেট ফিক্সড, রিটার্ন জমার ডেডলাইন ফিক্সড। এই একঘেয়ে ও কঠোর নিয়মের জালে যখন ব্যবসায়ীদের প্রাণ ওসাগত করে, তখন তারা একটু লাভের আশায় বা নিয়ম বাঁচানোর চক্করে অন্য কোনো সহজ রাস্তার খোঁজ করে। আর এই অবৈধ বা শর্টকাট পথ খোঁজার প্রবৃত্তিটাই হলো পরকীয়ার মতো! অন্যদিকে, নীতিনির্ধারকরা কেবল ঘরের ভেতরের একঘেয়ে নিয়মের কথা ভাবেন, কিন্তু কেন মানুষ হাঁপিয়ে উঠছে—তার মনস্তত্ত্ব বা ব্যবসার আসল অর্থনৈতিক পরিস্থিতিটা বুঝতে চান না।"
বাস্তব কদম আলী কিছুক্ষণ হাঁ হয়ে এলিয়েনের দিকে তাকিয়ে রইলেন। তারপর মাথা নাড়তে নাড়তে বললেন, "বাব্বা! পরকীয়ার সাথে ভ্যাট আইনের এমন ফিলোসফি তো আমি জীবনেও ভাবি নাই! তোমার এই আজব থিওরি শুনলে তো এনবিআরের বড় বড় কমিশনাররাও থ খেয়ে যাবে!"
এলিয়েন কদম আলী তখন বিজয়ী বীরের মতো অ্যান্টেনা দুটি নাড়াতে নাড়তে বলল, "বললাম তো ভাই, মহাবিশ্বের যেকোনো জটিল নিয়ম বুঝতে হলে মানুষের মনস্তত্ত্ব বুঝতে হয়। ভ্যাট হোক আর সংসার—জোর করে চাপিয়ে দিলে মানুষ ঠিকই বিকল্প পথ খুঁজে নেবে!"