২০২৬-২০২৭ করবর্ষে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন রিটার্ন জমা দিলে করছাড় এবং নির্ধারিত সময়ের পর জমা দিলে অতিরিক্ত কর বা জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
আয়কর রিটার্ন জমা দিতে আয়ের যেসব কাগজপত্র লাগবে
মঙ্গলবার (২৫ আগস্ট) এনবিআর প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়, করদাতাদের সুবিধার জন্য এবার ই-রিটার্ন প্রক্রিয়ায় বড় ধরনের সহজীকরণ ও প্রযুক্তিনির্ভর পরিবর্তন আনা হয়েছে। এছাড়া নির্দেশনায় কর দাতার বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।
প্রশ্ন: অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল কি সবার জন্য বাধ্যতামূলক?
উত্তর: ২০২৬-২০২৭ করবর্ষে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশ্ন: নির্ধারিত সময়ে ই-রিটার্ন দাখিল করলে কি কোনো কর ছাড় বা সুবিধা পাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, সময়মতো রিটার্ন জমা দিলে কর প্রণোদনা রয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর ছাড় বা প্রণোদনা মিলবে। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর কোনো অতিরিক্ত ফি বা প্রণোদনা ছাড়া স্বাভাবিক নিয়মে রিটার্ন দাখিল করা যাবে।
প্রশ্ন: নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করলে কি অতিরিক্ত কর বা জরিমানা দিতে হবে?
উত্তর: নির্ধারিত সময় পার হলে অতিরিক্ত কর প্রদেয় হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ নিট প্রদেয় করের ওপর ২ শতাংশ (সর্বনিম্ন ৩,০০০ টাকা) অতিরিক্ত কর যুক্ত হবে। ১ এপ্রিল থেকে ৩০ জুন নিট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বনিম্ন ৫,০০০ টাকা) অতিরিক্ত কর দিতে হবে।
প্রশ্ন: সঞ্চয়পত্রের আয় দেখানোর জন্য কি এবার আলাদা সনদ প্রয়োজন হবে?
উত্তর: না, ২০১৯ সালের ১ জুলাইয়ের পর কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে আলাদা সনদের প্রয়োজন নেই। ই-রিটার্ন সিস্টেমে থাকা ‘Import From NSD’ বাটনে ক্লিক করলেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হয়ে যাবে।
প্রশ্ন: অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পর কাগজপত্রের সার্টিফাইড কপি বা প্রাপ্তিস্বীকারপত্র কীভাবে পাওয়া যাবে?
উত্তর: রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় অ্যাসেসমেন্ট সম্পন্ন হবে এবং সিস্টেমে প্রাপ্তিস্বীকারপত্র ও ট্যাক্স সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। করদাতারা যে কোনো সময় ওয়েবসাইট থেকে এগুলোর কপি প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।
প্রশ্ন: ই-রিটার্ন এ আমি কর পরিশোধ করেছি, আমার অ্যাকাউন্ট/বিকাশ হতে টাকা কেটে নিয়েছে। কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে। কীভাবে রিটার্ন দাখিল করব?
উত্তরঃ আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
প্রশ্ন: অনলাইনে দাখিল করা রিটার্নে ভুল হয়ে থাকলে কীভাবে তা সংশোধন করব?
উত্তরঃ অনলাইনে দাখিল করা রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে আপনাকে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে সংশোধিত রিটার্ন একবার দাখিল করা যাবে।
প্রশ্ন: আমি ৮ মাস ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ৪ মাস সাতক্ষীরায় চাকরি করেছি। আমি লোকেশনে কোন অপশন সিলেক্ট করব?
উত্তরঃ আপনি ঢাকা উত্তর সিটি করপোরেশন সিলেক্ট করবেন।
প্রশ্ন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কি সরকারি না বেসরকারি চাকরি হিসেবে বিবেচিত হবে?
উত্তরঃ বেসরকারি হিসেবে বিবেচিত হবেন।
প্রশ্ন: অনলাইনে রিটার্ন দাখিল করলে আমার তথ্য কী নিরাপদ থাকবে?
উত্তরঃ আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আইনগতভাবে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।
প্রশ্ন: অনলাইনে রিটার্ন দাখিল করলে রিটার্নের সার্টিফাইড কপি কি পাওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ, পাওয়া যাবে। ডিসিটি সার্টিফাইড কপি দেবে।
প্রশ্ন: গাড়ির কর সমন্বয় হচ্ছে না। করণীয় কি?
উত্তরঃ আপনি গাড়ির জন্য ০১-০৭-২০২৫ হতে ৩০-০৬-২০২৬ এই সময়ের মধ্যে পরিশোধিত করের ব্যাংক স্লিপে উল্লিখিত ট্রানজেকশন আইডি ব্যবহার করলে সমন্বয় হবে। ০১-০৭-২০২৫ এর পূর্বে বা ৩০-০৬-২০২৬ এর পরে পরিশোধিত কর এই বছরে দাখিলকৃত রিটার্নে সমন্বয় হবে না। এক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
প্রশ্ন: গত বছরে আমি দুটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। দুটি চাকরির আয় কীভাবে প্রদর্শন করব?
উত্তরঃ Employment income section এ Add Employment হতে আপনি একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে পারবেন।
প্রশ্ন: আমার সম্পদ ৪ কোটির কম এবং ৮০০০ ব.ফু. এর বাড়ি নেই। আমার একটি মোটরসাইকেল ও একটি মোটরকার রয়েছে। আমার জন্য কি সারচার্জ প্রযোজ্য?
উত্তরঃ না, প্রযোজ্য নয়।
প্রশ্ন: সঞ্চয়পত্রের আয় কীভাবে প্রদর্শন করব?
উত্তরঃ Income from Financial Assets পেজে সঞ্চয়পত্র Option এ Import from NSD বাটনে ক্লিক করলে আপনার সকল অনলাইন সঞ্চয়পত্রের তথ্য প্রদর্শন করবে আপনাকে কোনো ইনপুট দিতে হবে না। এরপর সিলেক্ট করে Import করলে তথ্য সন্নিবেশিত হবে। তবে ৩০-০৬-২০১৯ তারিখের পূর্বের সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনাকে তথ্য ইনপুট করতে হবে। Income from Financial Assets পেজে আয়ের সঠিকভাবে তথ্য ইনপুট দেবার পর e-Return Ledger এ সঞ্চয়পত্রের জন্য Sync from Income ক্লিক করলে উৎসে করের তথ্য আপডেট হবে।
প্রশ্ন: স্বর্ণ ও অন্যান্য সম্পদের কি বাজার মূল্য প্রদর্শন করব?
উত্তরঃ না, পূর্ববর্তী বছরে প্রদর্শিত মূল্য, তবে নতুন হলে প্রকৃত ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে।
প্রশ্ন: চিকিৎসক/আইনজীবী হিসেবে ই-রিটার্নে কোথায় আয় প্রদর্শন করব?
উত্তরঃ ব্যবসা বা পেশা হতে আয় হিসেবে প্রদর্শিত হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে Regular Business Income এ আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি প্রাপ্তি/আয় হতে উৎসে কর কর্তন করা থাকে তবে Business/professional Income with TDS >> Profession/ Consultancy/Other Services এ আয়ের তথ্য পূরণ করতে হবে।
প্রশ্ন: যৌথ সঞ্চয়পত্রের মুনাফা ও উৎসে করের তথ্য কীভাবে প্রদর্শন করব?
উত্তর: Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেক্ট করলে পরের স্ক্রিনে Income page এ Financial asset>Sanchaypatra এ পূরণকৃত আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এখানে TDS available এর মধ্যে নিজের অংশের জন্য প্রযোজ্য অংক TDS claim (in case of joint holder your portion only) এ পূরণ করতে হবে।
প্রশ্ন: গাড়ির অগ্রিম করের ক্রেডিট কিভাবে দাবি করব?
উত্তর: Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে "Update Tax Payment Status" বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim AIT হতে AIT on Car এ Unique Key (Transaction No.) টাইপ করার পর Search করে Save করতে হবে।
প্রশ্ন: পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর কীভাবে প্রদর্শন করব?
উত্তর: Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে "Update Tax Payment Status" বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে বামপাশের "Adjustment of tax refund" মেনু হতে আপনি পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত করের সমন্বয় প্রদর্শন করতে পারবেন। তবে উপ কর কমিশনার আপনার প্রদর্শন সঠিক কিনা তা পরবর্তীতে চেক করার পর এ সমন্বয় সম্পূর্ণরূপে কার্যকর হবে।
প্রশ্ন: আমি একজন নারী, কিন্তু পুরুষ হিসেবে আমার কর পরিগণনা হচ্ছে। এর কারণ কি এবং করণীয় কি?
উত্তরঃ টিআইএন রেজিস্ট্রেশনের সময় আপনার Gender ভুলবশত Male সিলেক্ট হওয়ায় এই সমস্যা হচ্ছে। আপনি টিআইএন সিস্টেমে Edit/Correct/Update অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN option এ ক্লিক করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।